ঢাকা  শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরায়পুরের হত্যাকাণ্ড নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: খায়ের ভূঁইয়া

রায়পুরের হত্যাকাণ্ড নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েসহ পাঁচজনকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা ইলেকট্রনিক মিডিয়া যদি উসকানিমূলক ও ভুল তথ্য প্রচার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শনিবার দুপুরে রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন খায়ের ভূঁইয়া।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি ইলেকট্রনিক মিডিয়া কৌশলে ভুল তথ্য প্রচার করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে ওই মিডিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, একই পরিবারের চারজনসহ পাঁচজনের এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক ইস্যু নয় এবং এটি কোনো হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিষয়ও নয়। এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে ব্যাপারে তিনি সবাইকে আহ্বান জানান।

স্থানীয় সাংবাদিকদের প্রতি আস্থা প্রকাশ করে এমপি খায়ের ভূঁইয়া বলেন, ‘আমরা স্থানীয় সাংবাদিকদের চিনি ও জানি। তবে কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে রাজনীতি করতে আসিনি, মানবিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার কোনো ইচ্ছাও আমাদের নেই। আমরা জনগণের সেবা করার চেষ্টা করছি। এই হত্যাকাণ্ডের ঘটনায় চাইলে থাইল্যান্ডে বসেও বিবৃতি দেওয়া যেত, কিন্তু বাস্তব পরিস্থিতি দেখতে আমরা সরাসরি ঘটনাস্থলে এসেছি।’

বিরোধী দলের সমালোচনার জবাবে খায়ের ভূঁইয়া বলেন, ‘এ ধরনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করলে তা অত্যন্ত দুঃখজনক। এমন নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিবৃতি দেওয়া উচিত নয়। এখানে রাজনীতির কিছু নেই, মানবিকতা ও বিবেকবোধই সবচেয়ে বড় বিষয়।’

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকার একটি ফ্ল্যাটে শাহিনুর বেগম ও তাঁর তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারও নিহত হন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular