ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা

রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সংঘাত নিরসনের লক্ষ্যে রোমে যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনা চলমান থাকা সত্ত্বেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক মাসেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ লেবাননে তাদের প্রথম সামরিক হতাহতের খবর জানিয়েছে দেশটি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার যুদ্ধে নিহত দুই রিজার্ভ সেনা হলেন ৫৫তম ব্রিগেডের ২৮৫৫তম ব্যাটালিয়নের ৩৪ বছর বয়সী মেজর হারেল বিরেনস্টক এবং ৩৩ বছর বয়সী সার্জেন্ট মেজর তামির ভাকনিন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ লেবাননে গত ২৮ জুনের পর এই প্রথম ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনা প্রকাশ্যে এল।

কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায় ইসরাইল। একই সময়ে রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা চলছিল।

দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈরুত।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ সংগঠনের যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর কিছুক্ষণ আগেই দক্ষিণাঞ্চলের মানসুরি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পৃথক একটি হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

আলোচনায় অংশ নেওয়া একটি সূত্র এএফপিকে জানায়, রোমে লেবাননের সঙ্গে দিনের আলোচনা নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শেষ করার অনুরোধ জানায় ইসরাইল।

ইসরাইলি প্রতিনিধিদলের প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার লেবাননের পক্ষ থেকে ‘বিভ্রান্তিকর তথ্য ফাঁসের’ অভিযোগ তোলেন।তবে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দিনের মতো আলোচনা আবারও শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছায়। এতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং পরীক্ষামূলক এলাকা বা ‘পাইলট জোন’ থেকে শুরু করে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

মার্চে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলার পর থেকে এটি দুই পক্ষের মধ্যে সপ্তম দফার আলোচনা।

হিজবুল্লাহর ওই রকেট নিক্ষেপের জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়। লেবাননের দাবি, এতে চার হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জুনের পর প্রথমবারের মতো বুধবার ইসরাইলি সেনাবাহিনী মানসুরির বাসিন্দাদের উদ্দেশে সতর্কবার্তায় বলে, ‘ হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগে বাধ্য হচ্ছে।’

আইডিএফের আরবি ভাষার মুখপাত্র এলা ওয়াওয়েয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে উত্তর দিকে চলে যান।’

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানায়, সহিংসতা কিছুটা কমে আসায় আগের সংঘাতে বাস্তুচ্যুত আট লক্ষাধিক মানুষ লেবাননে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে এখনো তিন লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত রয়েছেন।

সূত্র: বাসস

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular