ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণদের শক্তিশালী করতে কাজ করছে সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণদের শক্তিশালী করতে কাজ করছে সরকার: এ্যানি

জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার, বলেন পানিসম্পদমন্ত্রী

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগের কথা উল্লেখ করে এ্যানি বলেন, তখন লক্ষ্মীপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের আওতায় আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। অবৈতনিক শিক্ষা চালু ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের মতো উদ্যোগ নেওয়া হয়েছিল তাঁর সময়ে।

এ্যানি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আজ বেঁচে না থাকলেও তাঁদের সন্তান তারেক রহমান শিক্ষার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকে ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন। অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা জানানোই যথেষ্ট নয়, তাঁদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সে বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular