ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন নসিমনচালক সাব্বির হোসেন।
নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার হোসেন। আহত হয় নসিমনচালক সাব্বির। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে।




