ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্গাপূজার প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় আনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু-সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ এই ভূখণ্ডে বসবাসকারী সবার পরিচয় বাংলাদেশি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দুর্গাপূজাকে সরকার ও বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য অতীতের মতো এবারও সহযোগিতা করা হবে। ইতিমধ্যে প্রতিটি পূজামণ্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অনুযায়ী, ধর্ম-বর্ণনির্বিশেষে এ দেশের মানুষের পরিচয় বাংলাদেশি। জাতীয়তাবাদকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদেরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কেউ অরাজকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে মাদক গ্রহণ বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি পূজার সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদ্‌যাপন কমিটির নেতারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular