নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা মহল¬ার একটি সড়কে উঠে এসেছে নর্দমার পানি। দীর্ঘদিন নর্দমা সংস্কার না হওয়ায় পানি কাটছে না ড্রেনে। ফলে ড্রেনের পানি উপচে পড়ছে সড়কে। এতে করে দুর্ভোগে পড়েছেন ওই এলাকা দিয়ে চলাচলকারীরা আড়াইশ পরিবার।
হাতিখানা কবরস্থানে যাতায়াতকারী, এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা পড়েছে চরম বিড়ম্বণায়। সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার ৯নং ওয়ার্ডের বাফাজ উদ্দিন সড়কের উপর দিয়ে বয়ে যেতে দেখা যায় হাঁটু সমান পানি। নর্দমার পানির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সরজমিনে গেলে দেখা যায়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তটির উপর দিয়ে নোংরা ও ময়লাযুক্ত পানি বয়ে যাচ্ছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসময় হাতিখানা কবরস্থানে যাতায়াতকারীরা রাস্তার এ অবস্থা দেখে দুই কিলোমিটার ঘুরে লাশ নিয়ে সেখানে যান।
বাফাজ উদ্দিন সড়কের বাসিন্দা ফিরোজ আলম বলেন, আমরা গত জানুয়ারি মাস থেকে এ ধরণের দুর্ভোগ পোহাচ্ছি। এনিয়ে কয়েকদফা পৌরসভার সাথে এলাকাবাসী বসেছেন এবং স্বাক্ষরযুক্ত আবেদন করেছেন। এতে কোনো ফল হয়নি। পৌর কর্তৃপক্ষ গত ছয় মাসে নর্দমা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এলাকায় ২৫০ পরিবাস বসবাস করেন। এছাড়া অনেক মানুষ এ পথ ব্যবহার করেন।
ওই এলাকার বাসিন্দা তপু রায়হান বলেন, নোংরা পানি ডিঙ্গিয়ে আমাদের কাজে যেতে হয়। নোংরা পানির কারণে রোগ-বালাই ছড়িয়ে পড়ছে। সারাবছর নর্দমার পানিতে ডুবে থাকায় রিকশা ও ভ্যান ভাড়ায় আসতে চায় না। তিনি নর্দমা দ্রুত সংস্কারের দাবি জানান। ওই এলাকার জুয়েল আহমেদ বলেন, ১ম শ্রেণির পৌরসভা হচ্ছে সৈয়দপুর। কিন্ত সেখানে নাগরিক সুবিধা নাই। অথচ এ শহরে রয়েছে বিমানবন্দর, সেনানিবাস, বিশ্ববিদ্যালয়, দেশের বৃহত্তম রেলকারখানাসহ জেলার কোনো অংশে কম না। তারপরও অবহেলা ও বঞ্চনার শিকার।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী বলেন, পৌরসভার রাস্তাঘাট নির্মাণসহ নর্দমা মেরামত ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। চলমান রয়েছে টেন্ডার প্রক্রিয়া। আশাকরি, এসব কাজ হলে পৌরবাসীর আর কোনো সমস্যা থাকবে না।



