নীলফামারী প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৈয়দপুরে ৪৩ হাজার ৩০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অব্যাহত রয়েছে। কার্ডধারী প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এজন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৪৩ হাজার ৩০টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ৪শ’ ৩০ মেট্টিক টন ৩শ’ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে উপজেলার পাঁচ ইউনিয়নে ৩৮ হাজার ৪শ’ ৯টি কার্ডের বিপরীতে ৩শ’ ৮৪ মেট্টিক টন ৯০ কেজি এবং পৌরসভার ১৫টি ওয়ার্ডের জন্য ৪ হাজার ৬শ’ ২১টি কার্ডের বিপরীতে ৪৬ মেট্টিক টন ২শ’ ১০ কেজি চাল বরাদ্দ মেলে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই চাল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু সাইদ জানান, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও মেম্বার ছাড়াও উপজেলা প্রশাসন থেকে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের সার্বক্ষণিক উপস্থিতি ও তদারকিতে প্রতিটি কার্ডের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ’র চাল উপজেলার হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিতরণ চলছে।



