পুঁজিবাজার হতে অর্থায়নের সুযোগ ও সম্ভাবনা নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল উদ্যোক্তা এবং ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতাধীন স্টার্টআপ কোম্পানিসমূহ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর মধ্যে এক মতবিনিময় সভা অদ্য ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় আইসিএমএল-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠানে আইসিএমএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন সভাপতিত্ব করেন। আলোচ্য মতবিনিময় সভায় দেশের সম্ভাবনাময় ৩০টি স্টার্টআপ কোম্পানির ফাউন্ডার ও কো-ফাউন্ডারগণ অংশগ্রহণ করেন।
আলোচনায় পুঁজিবাজারে স্টার্টআপ কোম্পানির তালিকাভুক্তির সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এবং স্টার্টআপ কোম্পানির প্রতিনিধিগণ স্টার্টআপ ইকো-সিস্টেম উন্নয়ন, স্টার্টআপ কোম্পানির সম্ভাবনা এবং পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।



