নিউজ ডেস্ক: মানুষের আকাঙ্ক্ষাকে ধামাচাপা দিয়ে ‘কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী’ দেশকে বিপথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
শুক্রবার (৭ আগস্ট) সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে দলের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচার, দমন-পীড়ন, দুর্নীতি, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। এই গণ-অভ্যুত্থানের মূল শক্তি ছিল দেশের ছাত্র-যুবক, শ্রমিক, কৃষক, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। সেই গণ-আন্দোলনে প্রকাশিত মানুষের আকাঙ্ক্ষাকে ধামাচাপা দিতে চায় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী। তারা দেশকে বিপথে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত। এই কুচক্রী মহলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ডা. মনোজ দাশ।
আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘গণ-অভ্যুত্থানের ইতিহাস কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এটি সমগ্র জনগণের সংগ্রামের ইতিহাস। এই ইতিহাসকে যারা দলীয় সংকীর্ণতা, রাজনৈতিক বিভাজন বা ক্ষমতার স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের প্রত্যাখ্যান করতে হবে।’




