নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল এলাকার বেদে পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেদে সম্প্রদায়ের কিছু লোক জেলার বিভিন্ন স্থান থেকে ফাঁদ পেতে অবৈধভাবে টিয়াপাখি শিকার করার অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইনের নেতৃত্বে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল এলাকার বেদে পল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এর আগেই অভিযানের খবর পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সেখান থেকে পালিয়ে যান। অভিযানকালে জাল, আঠা, বাঁশের লাঠি, দড়ি ও শুটকি মাছসহ পাখি শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
অভিযানের পর পাখি শিকারের বিভিন্ন সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা নিজ হাতে উদ্ধারকৃত অর্ধশতাধিক টিয়াপাখিকে অবমুক্ত করে আকাশে উড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন, হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোসসহ অন্যান্যরা।



