ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতি৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

অর্থনীতি ডেস্ক: করদাতাদের স্বেচ্ছায় কর দেওয়ায় উৎসাহিত করার জন্য আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলে কর ছাড় দিবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রবিবার (২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) কর প্রণোদনা বা কর ছাড় পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া যাবে না।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে আয়কর রিটার্নের সঙ্গে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩(২) অনুযায়ী পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা, এই দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এ ছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করলে আয়কর রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা, এই দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিল করলে করছাড় দিলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন, এ সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটের (এখানে ক্লিক করুন) মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

এনবিআর জানায়, এ সিস্টেমের মাধ্যমে সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিক মানি রিসিপ্ট ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular