নিউজ ডেস্ক: দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে।
এখন পর্যন্ত ২৭৫টি আসনে ফলাফল হয়েছে, ৩টি আসনে ফলাফল স্থগিত করা হয়েছে আর বাকী আছে ২১ আসনের ফলাফল।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ২০০ আসনে জয় পেয়ে গেছেন বিএনপি ও তাদের জোট প্রার্থীরা। অন্যদিকে, ৬৮টি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। একটি আসন গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দখলে। আর বাকী ৬টি আসনে জয় জুটেছে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীদের কপালে।
এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে, বিএনপির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আগামী সরকার। ফলে, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই সরকারপ্রধান হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত।




