রাশিদুল রাশেদ, বন্দর প্রতিবেদক: ‘২০২৫–২৬ অর্থবছরে বন্দরে দক্ষতার প্রতিটি সূচকে অতীতের সব রেকর্ড ভঙ্গ করতে পেরেছি। এটি যুগান্তকারী অর্জন। সবাই একযোগে কাজ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।’ বন্দরে কনটেইনার ও পণ্য পরিবহনের প্রবৃদ্ধি নিয়ে আজ দুপুরে চট্টগ্রাম বন্দরের নবনির্মিত ওয়ান–স্টপ সার্ভিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের একথা বলেন।
সদ্য বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো ও নামানোয় ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই এক অর্থবছরে কনটেইনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩১ হাজারে। আজ বুধবার বন্দরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্দরের চারটি টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালে কনটেইনার ওঠানো–নামানোর সংখ্যা হিসাব করে এই চিত্র প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আমদানি–রপ্তানি পণ্যবাহী ও খালি কনটেইনারের হিসাবও রয়েছে।
বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের পাশাপাশি রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে (২৯ জুন পর্যন্ত) চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস (২০ ফুট দীর্ঘ একক)। যা গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ’স।
এক বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ৫১ টিইইউস। এতে বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরটিতে।
বন্দর সূত্র জানিয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরে একই সময়ে বাল্ক কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিক টন, গত ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছিল ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। এক বছরে বাল্ক কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৭৩ লাখ ৪৮ হাজার ৪৩ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের ২৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৩৩৬টি। আগের ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৭৭টি জাহাজ। এতে এক বছরের তুলনায় ২৫৯টি জাহাজ বেশি হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। জাহাজ হ্যান্ডলিংয়ে বছরের ব্যবধানে ৬ দশমিক ৩৫ প্রবৃদ্ধি হয়েছে।
আয়ের সূচকেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রাম বন্দরে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৬২৯ কোটি ১৭ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছিল ৫ হাজার ৩৬৬ কোটি ৪৯ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। তবে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। যা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব ব্যয় ২ হাজার ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় হয়েছিল ২ হাজার ৩৮৮ কোটি ৫৭ লাখ টাকা। এতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। এতে করে রাজস্ব উদ্বৃত্ত আগের অর্থবছরের চেয়ে বেড়ে ৪ হাজার ৩৫৫ কোটি ২১ লাখে দাঁড়িয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯৭৭ কোটি ৯২ লাখ টাকা।




