“ভিন্নমত, নারীর স্বাধীন কণ্ঠ ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবদমিত করে রাখার চেষ্টা একটি বিপজ্জনক প্রবণতার বহিঃপ্রকাশ। ঘৃণ্য বক্তব্য, সহিংসতার উসকানির বিরুদ্ধে রাষ্ট্রের নীরবতা বা বিলম্বিত পদক্ষেপ অপরাধীদের উৎসাহিত করে।”
আজ মঙ্গলবার সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
ভিন্নমত প্রকাশ করলে সাংবাদিকসহ বিভিন্ন পেশার নারীদের প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি ও অবমাননাকর ভাষায় আক্রমণ করা হচ্ছে উল্লেখ করে এসব ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এসব ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিবৃতিতে দাবি জানানো হয়েছে। কারণ, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব।




