চবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন এবং ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।



