নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে ৩৯টি পদের বিপরীতে মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৫,৩৯২ জন নিবন্ধিত ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, সকাল থেকে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এটি শুধু নির্বাচন নয়, আমাদের সমিতির সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে। যারা নির্বাচিত হবেন, তারা সবাই সমিতির উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলে আমরা আশা করি।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।



