জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর কাজে প্রতিবাদ করায় এক প্রধান শিক্ষককে মারধর ও অপদস্থ করেছে এলাকার দুই দুষ্কৃতিকারী । এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন ওই স্কুলের প্রধান শিক্ষক।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত ওই প্রধান শিক্ষক দুষ্কৃতিকারীদে বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন ধরে বাহের বানাইল গ্রামের হোসেন আলীর ছেলে মো. শাহজাহান মিয়া ও আনিছুল হক নামের দুই ব্যক্তি বিদ্যালয়ের মাঠ দখল করে নিজেদের গৃহস্থালী ওপারিবারিক কাজ ছাড়াও ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করে যাচ্ছেন। এমতঅবস্থায় প্রধান শিক্ষক সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় শ্রেণিকক্ষের বারান্দাসহ পুরো মাঠে ধানের আঁটি ও বিস্তর খড় মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে এমনকি মাঠে অ্যাসেম্বেলি করতে পারছে না। এ বিষয়ে প্রধান শিক্ষক প্রতিবাদ করলে শাহজাহান ও আনিছুল হক প্রধান শিক্ষকের প্রতি উত্তেজিত হয়ে যান।
একপর্যায়ে তারা প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে ‘শাহজাহান মিয়া ও আনিছুল হক মারধর করে টেনেহিঁচরে অপমান-অপদস্থ করেন। এ সময় প্রধান শিক্ষকের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রধান শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ জালাল উদ্দিন মন্ডল।



