নীলফামারী প্রতিনিধি : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে জেলা জজ আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সহ-সভাপতি রবিউল আহসান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। তিনি দেশকে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন। তাঁর কারণেই শেখ হাসিনা আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। গণতন্ত্র ধ্বংস করার পেছনে তারই ভুমিকা মুখ্য ছিল বলে বক্তারা জানান।
এছাড়াও, কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, পুরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন খায়রুল হক। শেখ হাসিনা তার আমলে ১৬ বার সংবিধান পরিবর্তন করেন। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশের আইনকে ধ্বংস করেছিলেন তিনি। যার কারণে ফেসিষ্ট শেখ হাসিনা ভোটারবিহীন দিনের নির্বাচন রাতে করতে সাহস পেয়েছিলেন।



