চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও এ কে খান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা’ কে সামনে রেখে ৭ম এ কে খান মেমোরিয়াল আইন বক্তৃতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির একে খান অডিটোরিয়ামে এ বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন , ‘ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।’
চবি উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংবিধান কাঠামোকে আরও শক্তিশালী করে সংস্কারের চেতনা জাগ্রত করবে।’
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতা সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।



