স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে জিহাদ হাসান জয় নামের দশম শ্রেণির স্কুলছাত্রকে খুন করেছে প্রতিপক্ষ।
শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রাতেই উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দিলে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
নিহত জিহাদ হাসান জয় (১৫) ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে।
নিহতের বাবা জানান, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে জয়ের সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার স্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।



