ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাদেশে পরিবেশ ভারসাম্য ধরে রাখতে হবে: ব্যারিস্টার অসীম

দেশে পরিবেশ ভারসাম্য ধরে রাখতে হবে: ব্যারিস্টার অসীম

নিজস্ব প্রতিবেদক : দেশে পরিবেশ ভারসাম্য ধরে রাখতে হলে, সুযোগ পেলেই বৃক্ষরোপণ করতে হবে — এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর নীলক্ষেত মেডিকেল স্টাফ কোয়ার্টারে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ উপলক্ষ্যে নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, “আমি মনে করি, ৩৬৫ দিনই পরিবেশ দিবস। জীববৈচিত্র্য রক্ষা করতে হলে, ভালোভাবে বাঁচতে হলে, নিঃশ্বাস নিতে হলে আমাদের পরিবেশকে গুরুত্ব দিতে হবে। ওজন স্তরের ক্ষয়, অতি বেগুনি রশ্মির প্রভাব, সমুদ্রের পানির স্তর বৃদ্ধি এবং ভূপৃষ্ঠের পানির স্তর নিচে নেমে যাওয়া — এসব বিপর্যয়ের জন্যই আমাদের সজাগ হতে হবে। এর একটি কার্যকর উপায় হলো গাছ লাগান, পরিবেশ বাঁচান।”

তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের কথা বলেছেন। তিনি খাদ্যে ও কৃষ্টিতে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে ২০০১-২০০৬ সাল পর্যন্ত সরকার পলিথিন নিষিদ্ধসহ পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়েছিল। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন, সেখানে পরিবেশ ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ যদি আমরা মাটিকে রক্ষা করতে চাই, তাহলে গাছ লাগাতে হবে। গাছের শিকড় যত গভীরে যাবে, তত মাটি শক্ত থাকবে। অথচ আমরা দেখি, মাটিতে পড়ে আছে প্লাস্টিক, পলিথিন, যা পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। মায়েদের উচিত সন্তানদের শেখানো, অন্তত বছরে একটি গাছ যেন লাগায়। বিএনপির নেতাকর্মীদের বলবো, যদি আমরা সবাই বছরে একটি করে গাছ লাগাই, তাহলে তিন থেকে চার কোটি গাছ হবে, যা পরিবেশ রক্ষায় বিশাল অবদান রাখবে।”

পরিবেশ উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা একজন কৃতি ছাত্র, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। এখন আপনি সরকারে আছেন, আপনি অনেক কিছু করতে পারেন পরিবেশ রক্ষায়। আপনার দায়িত্ব অনেক।”

পরিবেশ রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার উপরও গুরুত্ব দেন ব্যারিস্টার অসীম। তিনি বলেন, “শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, রাজনৈতিক পরিবেশও দরকার। বিগত ১৫ বছরে এক অসহনীয় দমন-পীড়নের পরিবেশে আমরা শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম। আজ দশ মাস হয়ে গেলেও সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরেনি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তারিখ ঘোষণা করতে হবে, যেন সবাই প্রস্তুতি নিতে পারে।”

তিনি বলেন, “বর্তমান সরকার অনির্বাচিত। অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না। আইনের শাসন, সুশাসন, জনগণের অধিকার ফিরিয়ে এনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এজন্য শুধু বৈঠক নয়, জনগণকে নিজের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, আব্দুস সাত্তার, আমির হুসেন, যুবদল নেতা মিজান বেপারি, গাজী মনির, বাবুল মোল্লা, আব্দুর রহমান, ইফতেখারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular