নিউজ ডেস্ক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে- সম্পাদক, প্রকাশক ও শীর্ষস্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক থেকেই এই আহ্বান ও নির্দেশনা বাস্তবায়নের সুপারিশগুলো গৃহীত হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ জোর দেন এবং ভ্রান্ত তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশ বা সম্প্রচারের পূর্বে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রণালয় সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব রাজনৈতিক দলের বিষয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপন করলে জনগণের উপর গণমাধ্যমের আস্থাভিত্তি দৃঢ় হবে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে—এই লক্ষ্যেই মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সহযোগিতার অনুরোধ করেছে।
মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, যেন নির্বাচনকালীন সময়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা যায়।
ঢাকানিউজ২৪/মহফ



