নিউজ ডেস্ক : জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগের সিদ্ধান্ত সংশোধন করে দোকানপাট ও বিপণি বিতান রাত ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে সরকার। জরুরি সেবামূলক প্রতিষ্ঠান থাকবে এই নির্দেশনার বাইরে।
জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট, শপিংমল ও বিপণি বিতান সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।
প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হলেও পরে প্রধানমন্ত্রী তা সংশোধন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেন।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। তবে ব্যবসায়ী সংগঠনগুলো ওই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তাদের যুক্তি ছিল, সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ হলে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কর্মচারীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলেও বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী রাখার নির্দেশনা বহাল থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অপ্রয়োজনীয় আলো ও বিদ্যুৎ ব্যবহার কমাতে সবাইকে সচেতন হতে হবে।
আরো পড়ুন : নতুন সময়সূচি: আজ থেকে অফিস ৯টা-৪টা
সরকারি সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সময়সূচিতে আরও পরিবর্তন আনা হতে পারে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান আগের মতোই এই নির্দেশনার বাইরে থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম আমিত বলেন, এপ্রিল মাসের জ্বালানি চাহিদা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত চাহিদা বেশি থাকবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি অকটেন ও পেট্রোলের তিন মাসের চাহিদা অনুযায়ী মজুত রয়েছে বলে জানান তিনি। কোনো কৃষক ডিজেল পেতে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি। তবে এতে কোনো বাধা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
ঢাকানিউজ২৪/মহফ




