নিজস্ব প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাকর্ম উপস্থাপন করতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে ‘দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ (ACMS-2026)’ শীর্ষক এ কনফারেন্স।
কনফারেন্সটির আয়োজন করেছে সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটি অনুষ্ঠিত হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
এতে অংশ নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা পোস্টার ও মৌখিক উপস্থাপনার (ওরাল প্রেজেন্টেশন) মাধ্যমে নিজেদের গবেষণাকর্ম তুলে ধরবেন।
এ উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের অর্জন।
গবেষণা পরিচালক অধ্যাপক ইমরানুল হক বলেন, আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক জানান, বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা চারটি গবেষণাকর্ম উপস্থাপন করবেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
উল্লেখ্য, ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ গবেষণাগুলো সম্পন্ন করেছেন। তাদের যাতায়াত ও অন্যান্য খরচে সহায়তা দিয়েছেন সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।



