নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে জ্বালানি তেল সংকটের কারণে যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক পাম্পে মোটরসাইকেলের জন্য তেল পাওয়া যাচ্ছে না।
বেশিরভাগ ফিলিং স্টেশনে অকটেনের মেশিনের সামনে লেখা রয়েছে—“ডিপো থেকে তেল আসলে বিতরণ শুরু করা হবে”।
জেলার ডাকাতিয়া নদীর পাড়ে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির তিনটি ডিপো থাকলেও সরবরাহ সংকট অব্যাহত রয়েছে। যমুনা অয়েল কোম্পানির ম্যানেজার জানান, প্রতি সপ্তাহে চাহিদার ভিত্তিতে পাম্পগুলোতে একাধিকবার তেল সরবরাহ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছে। তার দাবি, আগের তুলনায় সরবরাহ কিছুটা উন্নত হয়েছে।
তবে বাস্তবে পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। এক পাম্প থেকে আরেক পাম্পে গিয়ে তেলের খোঁজে ঘুরছেন চালকরা। অনেক মোটরসাইকেল চালক খালি বোতল নিয়েও পাম্পে ভিড় করছেন।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এইচবি ফিলিং স্টেশনে আসা চালক শরীফুল ইসলাম বলেন, “তিন দিন ধরে কোনো পাম্পে তেল পাচ্ছি না। আজ দুপুরের পর তেল আসবে শুনে আগেই এসে দাঁড়িয়ে আছি।”
শহরের আমির খান পাম্পেও একই চিত্র দেখা গেছে। সেখানে লেখা রয়েছে—“ডিপো থেকে অকটেন আসা সাপেক্ষে বিতরণ শুরু করা হবে।” পাম্পটিতে মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।



