ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নোয়াখালীর আকাশে রহস্যময় আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

নোয়াখালীর আকাশে রহস্যময় আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : ভারত নিয়ন্ত্রিত বঙ্গোপসাগরের আকাশসীমায় তিন দিনের বিধিনিষেধ জারির মধ্যেই নোয়াখালীসহ দেশের উপকূলীয় কয়েকটি জেলার আকাশে রহস্যময় আলোর ঝলক দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় আকস্মিক এ দৃশ্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নোয়াখালীর বিভিন্ন উপজেলা, লক্ষ্মীপুর, ভোলা ও কক্সবাজার এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিও ও ছবিতে আকাশে একটি উজ্জ্বল আলোকবিন্দুকে ধীরগতিতে এগিয়ে যেতে দেখা যায়। এর পেছনে ধোঁয়ার মতো লম্বা রেখাও দৃশ্যমান ছিল।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ একে উল্কাপাত বা অচেনা উড়ন্ত বস্তু (ইউএফও) বলে ধারণা করলেও অনেকে মনে করছেন, এটি ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ হতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, “হঠাৎ আকাশে আগুনের মতো আলো দেখতে পাই। প্রথমে মনে হয়েছিল উল্কাপিণ্ড। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুঝতে পারি আরও অনেকে একই দৃশ্য দেখেছেন।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ভারতের জারি করা ‘নোটিশ টু এয়ারম্যানস’ (নোটাম) অনুযায়ী, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের ওপর একটি নির্দিষ্ট করিডরে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওডিশার আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫৬০ কিলোমিটার বিস্তৃত ওই এলাকায় সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার সময় এ ধরনের সতর্কতা জারি করা হয়ে থাকে।

তবে ভারতের পক্ষ থেকে শুক্রবার রাত পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের ধারণা, সন্ধ্যার আকাশে দেখা আলোর ঝলকানি ক্ষেপণাস্ত্রের জ্বালানি নির্গমন বা উচ্চ বায়ুমণ্ডলে পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রতিফলন হতে পারে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হঠাৎ আকাশে এমন দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular