নাজমুল হোসেন : লক্ষ্মীপুর জেলার সার্বিক কর্মমূল্যায়নে এপ্রিল ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি শাহিন মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. আবু তারেক।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুর রাশেদ এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামসুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মো. আবু তারেক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানার কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও রায়পুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহিন মিয়া। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় রায়পুর থানার পুলিশ সদস্যরা দলগতভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
ঢাকানিউজ/নাজ/২৪




