আন্তর্জাতিক ডেস্ক: ১৪ দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের ‘আর কোনো বিকল্প নেই’ বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, অন্য কোনো পন্থা অবলম্বন করা ‘সম্পূর্ণ অকার্যকর’ হবে এবং তা কেবল বারবার ব্যর্থতাই ডেকে আনবে।
তিনি বলেন, ‘তারা যত গড়িমসি করবে, আমেরিকান করদাতাদের এর জন্য তত বেশি মূল্য দিতে হবে’।
তবে প্রস্তাবটি বা এর প্রেক্ষাপট সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
এদিকে, ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব আনার মার্কিন উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সংকটের মূল কারণ আড়াল করে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদী বলেন, ‘সামরিক আগ্রাসন ও অবৈধ অবরোধের পরিণতিকে এমন একটি দেশের বিরুদ্ধে মামলায় পরিণত করার চেষ্টা চলছে, যে দেশ নিজেই হুমকি ও আক্রমণের শিকার।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা উপেক্ষা করে শুধু ‘নৌচলাচলের স্বাধীনতা’র বিষয়টি তুলে ধরায় প্রস্তাবটি আইনি ও নৈতিক বৈধতা হারিয়েছে।
তার ভাষায়, আগ্রাসন, ‘অবরোধ এবং ইরানের আত্মরক্ষার অধিকার’ উল্লেখ না থাকলে যে কোনো প্রস্তাবই পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ইরানের হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। প্রস্তাবটি গৃহীত হলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও উন্মুক্ত হতে পারে। সূত্র: জিও টিভি




