নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর সাথে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: নারীর অর্থনৈতিক ক্ষমতায়নমুখী বাজেট শীর্ষক প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকের সুপারিশসমূহ মাননীয় অর্থমন্ত্রীর নিকট প্রদান করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, বাজেটে জেন্ডার সংবেদনশীল বরাদ্দ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।
মাননীয় অর্থমন্ত্রী প্রতিনিধি দলের উপস্থাপিত সুপারিশসমূহ গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং আগামী জাতীয় বাজেটে এসব সুপারিশের প্রতিফলন রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বিশেষভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখার বিষয়েও তিনি আশ্বাস দেন।
বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সহ-সভাপতি ডা. মাখদুম নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম এবং কেন্দ্রীয় আন্দোলন উপ-পরিষদের অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।



