নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, ঈদের সময় বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো পরিস্থিতি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।
তিনি জানান, ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ঈদের সময় চাহিদা সাধারণত কম থাকে, তবে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট পর্যন্ত উঠতে পারে। প্রয়োজন হলে ফার্নেস অয়েলভিত্তিক উৎপাদনও বাড়ানো হবে। ডিপিডিসি, ডেসকো, বিআরইবি ও নেসকো নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে। গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার এড়িয়ে চলা এবং প্রি-পেইড মিটার আগেভাগে রিচার্জ করার পরামর্শ দেওয়া হয়েছে।




