ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবিশ্বকাপ যাত্রার আগে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ

বিশ্বকাপ যাত্রার আগে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ

বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে পা রাখবে ব্রাজিল। সেই বড় অভিযানের আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দোমিঙ্গাঁও’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইতালিয়ান এই কোচ। অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। তবে সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে চমকে দেন অনুষ্ঠানের উপস্থাপক।

আনচেলত্তির নাতি-নাতনিদের কয়েকটি আগেই ধারণ করা ভিডিও বার্তা প্রচার করা হয় অনুষ্ঠানে। প্রিয় দাদুর জন্য তাদের শুভকামনা ও ভালোবাসার কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিল কোচ।

এক নাতি বলেছে, ‘দাদু, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে। আশা করি আমরা ফ্রান্স ও স্পেনকেও হারাব।’

আরেকজনের বার্তা ছিল, ‘বিশ্বকাপে শুভকামনা, দাদু। আমরা তোমাকে ভালোবাসি।’

সবচেয়ে ছোট সদস্যের বার্তাটি ছিল আরও আবেগময়। সে বলেছে, ‘দাদু, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাঠে যাও এবং বিশ্বকাপ জিতে নিয়ে আসো!’

নাতি-নাতনিদের এসব কথা শুনে দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন আনচেলত্তি। তার চোখে জল চলে আসে এবং কিছুক্ষণ তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় শিরোপা জিতেছেন আনচেলত্তি। তবে বিশ্বকাপ এখনও তার অধরা সাফল্য। এবার ব্রাজিলের দায়িত্ব নিয়ে সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি।

পরিবারের এমন অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পাওয়ার পর আনচেলত্তির প্রতি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, নাতি-নাতনিদের স্বপ্ন পূরণ করে সেলেসাওকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারেন কি না অভিজ্ঞ এই কোচ।

 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular