ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি

ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টা ডাকসেবা নিশ্চিত করতে ‘স্মার্ট পোস্ট বক্স’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে ‘আমার ডাক’ অ্যাপের মাধ্যমে ডাক বিভাগের সব কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ডাক অধিদপ্তরের জন্য একটি আধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ডাক কমার্স’ চালু করা হবে, যার মাধ্যমে ডাকসেবার প্রতিটি ধাপ সম্পূর্ণ ডিজিটালাইজড করা সম্ভব হবে।

তিনি জানান, ডাক বিভাগের কার্যক্রম আধুনিক ও স্বয়ংক্রিয় করতে বর্তমানে দুটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলো হলো—‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প’ এবং ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প’। এসব প্রকল্পের আওতায় দেশের সব ডাকঘরে ব্যবহৃত ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের উন্নয়ন করা হবে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে সারাদেশে ডাকপণ্যের ট্রেস অ্যান্ড ট্র্যাকিং সুবিধা সম্প্রসারণ করা হবে। জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তিও গড়ে তোলা হবে।

এদিকে, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় তরুণদের তথ্যপ্রযুক্তি দক্ষ করে তুলতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে এক হাজার আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটকে ITEE প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে বিশ্বের ১৩টি দেশের আইসিটি খাতে বাংলাদেশি তরুণদের চাকরির সুযোগ তৈরি হবে।

এ ছাড়া এআই, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালাইটিক্স ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে ৫ হাজারের বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular