চবি প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আইনি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ উদ্যোগ প্রশংসনীয়। সঠিক আইনি পরামর্শের অভাবে অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন জটিলতায় পড়েন। ক্যাম্পাসে দক্ষ আইনজীবীদের মাধ্যমে এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক উদ্যোগের পাশে থাকবে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় আইনি সহযোগিতা ও বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ পাবেন এবং নানা বিষয়ে সচেতন হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
এ সময় চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে চাকসু প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনের সময় দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজলভ্য করতেই এ আয়োজন করা হয়েছে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ উপস্থিত ছিলেন।




