ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতবেনজীরকে দেশে ফেরাতে দুদকের কূটনৈতিক তৎপরতা জোরদার

বেনজীরকে দেশে ফেরাতে দুদকের কূটনৈতিক তৎপরতা জোরদার

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নিতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগে প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠিয়েছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, বেনজীরকে ফেরাতে আইনি ও কূটনৈতিক—দুই পথেই কাজ চলছে। পাঠানো অনুরোধপত্রে মামলার বিবরণ, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, সম্পত্তি ক্রোকের আদেশ এবং সংশ্লিষ্ট প্রমাণাদি যুক্ত করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে ফাইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। পরে কূটনৈতিক চ্যানেল অনুসরণ করে তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে উপস্থাপন করা হবে।

একই সঙ্গে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার দুই প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন। সেখানে তদন্তসংশ্লিষ্ট মামলা, আদালতের আদেশ ও জব্দকৃত সম্পদের তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি এনসিবি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।-

দুদক কর্মকর্তারা জানান, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ ও আইনি সহযোগিতা কাঠামোর আওতায় বেনজীর আহমেদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। বিষয়টি এখন সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রক্রিয়ায় এগোবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular