নিউজ ডেস্ক: জীবনের শেষ প্রহরে একটু নিশ্চিন্তে বাঁচার স্বপ্ন ছিল বৃদ্ধ নূর আলমের। তিন বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে কষ্টের পয়সা জমিয়েছিলেন। আশা ছিল, জমানো অর্থ নিয়ে ফিরে যাবেন গ্রামের বাড়িতে। কিন্তু বাড়ি ফেরার আগমুহূর্তেই এক প্রতারকের ফাঁদে পড়ে হারিয়েছেন প্রায় দেড় লাখ টাকার সঞ্চয়। মুহূর্তেই ভেঙে গেছে জীবনের শেষ সম্বল। সর্বস্ব হারিয়ে এখন অসহায় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বৃদ্ধ নূর আলমের।
সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি ভাড়া বাসায় থাকেন নূর আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, প্রায় আট বছর আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে বরিশাল থেকে সাভারে এসেছিলেন। শুরু করেছিলেন সবজির ব্যবসা। ব্যবসা করে পরিবার নিয়ে মোটামুটি ভালোই চলছিল তার জীবন।
কিন্তু তিন বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। আয়-রোজগার বন্ধ হয়ে গেলে সংসারে তিনি বোঝা হয়ে ওঠেন। একপর্যায়ে পরিবারের সঙ্গ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। জীবিকার তাগিদে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি।




