নিউজ ডেস্ক: দেশের নাগরিকদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বর্তমানে চালু থাকা বিভিন্ন সরকারি কার্ড ও সুবিধা একীভূত করে একটি একক কার্ডের মাধ্যমে নাগরিকদের সব ধরনের রাষ্ট্রীয় সেবা প্রদান করা হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ৯ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং পর্যটন শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখাও তুলে ধরেন।
সরকারের মতে, ইউনিভার্সাল কার্ড চালু হলে জটিলতা কমবে, স্বচ্ছতা বাড়বে এবং সরকারি ভর্তুকি ও আর্থিক সহায়তা দ্রুত বিতরণ করা সম্ভব হবে।
তার ভাষায়, নাগরিকদের জন্য এসব সুবিধা রাষ্ট্রের অনুগ্রহ নয়; বরং এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তাই সেবা গ্রহণকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে একক কার্ডভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হবে।




