স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত চার মাসের ব্যবধানে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৭৯৭ শিশুর।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ শিশু। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮ জন।
এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।




