ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানঢাকায় সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট শুরু কাল

ঢাকায় সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট শুরু কাল

নিউজ ডেস্ক:

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে দুই দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনটির আয়োজন করছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচি। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি ক্লাবে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে সম্মেলনের বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বিএসআইএর সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের এমডি এম এ জব্বার, বিএসআইএর সহসভাপতি ও মার্স সলিউশনসের এমডি মাহবুবে এলাহী চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব মো. আনোয়ার হোসেন, আইটেস্ট বাংলাদেশের পরিচালক মনির আহামেদ, সামিট আয়োজক কমিটির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইন।

সম্মেলনে নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টরশিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী, স্টার্টআপ উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। তাঁরা দেশের জন্য দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নে নিজেদের মতামত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন; আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ; বিএসআইএর সভাপতি এম এ জব্বার এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এম আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিয়ার ও সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি মুহাম্মদ মুস্তাফা হুসাইন।।

এ ছাড়া ‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস।

সামিটে সাতটি কৌশলগত প্যানেল আলোচনা হবে। এতে সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরি, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারত্ব, গবেষণা, উন্নত উৎপাদনব্যবস্থা, বাণিজ্যিকীকরণ ও উদীয়মান ডিপ-টেক প্রযুক্তি নিয়ে আলোচনা হবে। এতে সরকারের প্রতিনিধি, বিএসআইএর সদস্য প্রতিষ্ঠান, বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষাবিদ, বৈশ্বিক বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় এবং বিদেশি সেমিকন্ডাক্টরশিল্প সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো ও ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের নেতারাও থাকবেন।

সামিটের দ্বিতীয় দিনে ‘বাংলাদেশের ডিপ-টেক ভবিষ্যৎ’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এতে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন। একই সঙ্গে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করা হবে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আটটি কৌশলগত জাতীয় দলিল প্রকাশ করা হবে। এসব দলিলে সরকারের নীতি প্রণয়ন, শিল্প বিনিয়োগ, দক্ষ জনবল উন্নয়ন, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা, গবেষণা, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক অংশীদারত্বের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular