নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ এবং সংসদীয় কূটনীতি সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত এমপি অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সদস্যদের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় চীনের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন সদস্যরা।
আলোচনায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমাতে দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে আলোচনা করেন মৈত্রী গ্রুপের সদস্যরা।
সংসদীয় মৈত্রী গ্রুপের এ ধরনের উদ্যোগ দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সফর বাড়ানোর আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।-
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠকটি বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।




