মানিকগঞ্জ প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পিতা এবং সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী তার নিজ গ্রাম গিলায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ১ আগস্ট, ২০২৬ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এই আইসিইউ উদ্বোধন করেন।
আফরোজা খানম রিতা বলেন, আমি আমার পিতার আদর্শ ও শিক্ষা অনুসরণ করে কাজ করে যাচ্ছি। আমার পিতা গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসার সুবিধার্থে গিলার মুন্নু সিটিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় বাসিন্দাদের জরুরি সেবা ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট একটি আইসিইউ চালু করা হলো।
মন্ত্রী বলেন, ‘এটিই জেলার প্রথম আইসিইউ কেন্দ্র। ভবিষ্যতে এই হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে।’
অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিমসহ চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




