ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহশহীদ যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: ইয়াসের খান চৌধুরী

শহীদ যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: ইয়াসের খান চৌধুরী

জালাল উদ্দিন মন্ডল, নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং যোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। ছাত্র-জনতার সেই আন্দোলনের পথ ধরেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা জুলাইয়ের বীর শহীদ ও যোদ্ধাদের এই অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।”

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে নান্দাইলে ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করা হয় এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ফ্যাসিবাদী সরকার যখন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছিল, তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে যে আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা তার সুফল পেয়েছি। খুনি ও ফ্যাসিস্ট শাসক তার কর্মীদের বিপদের মুখে ফেলে পালিয়ে গেলেও এ দেশের মানুষ আজ মুক্ত। যারা এখনো অবুঝ হয়ে সেই ফ্যাসিস্টদের পক্ষে কাজ করতে চান, তারা সাবধান হয়ে যান। বাংলার মাটিতে সব অপরাধের বিচার হবেই।

জুলাই যোদ্ধাদের কল্যাণে বিশেষ ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের বাড়ির রাস্তা পাকাকরণসহ তাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করা হবে। তাদের সমস্যা সমাধান এবং পাশে থাকার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। আপনাদের ত্যাগের কারণেই আমরা সরকার গঠন করতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি।

নান্দাইলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি নান্দাইলকে জুয়া, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।”

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, ওমর ফারুক নোমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংবর্ধিত শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতি কর্নার’ পরিদর্শন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular