নিউজ ডেস্ক : রেল, নৌ ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় সড়ক দুর্ঘটনার পাঁচটি কারণ তুলে ধরে সড়কমন্ত্রী বলেন, আইন প্রয়োগ ও মানুষকে সচেতন করতে কাজ করবে সরকার।
এদিন তেজগাঁও সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে সড়ক দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা প্রদানের জন্য ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও ৮০টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়।
এসময়, সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যোগাযোগের উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে চায় সরকার।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সারাদেশে মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন।
পাইলট প্রকল্পের সফলতার উপরে এ প্রকল্প রাজস্বখাতে নেয়ার পরিকল্পনার কথা জানান তারা।




