পরিবেশ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতিকে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক দুই ব্যক্তির কাছে হাতি দুটি প্রদান করা হয়েছিল। কিন্তু জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্তগুলো পালন করতে ব্যর্থ হন, যা মন্ত্রীর নজরে আসে। মন্ত্রী হাতি দুটির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আজ বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটি পুনরায় বন বিভাগের হেফাজতে নিয়েছেন। মন্ত্রী বলেন, সরকার বন্যপ্রাণীর কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় দেওয়া হলে শর্ত ভঙ্গের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‘নিহার কলি’ মাদি হাতিটিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাতি দুটি গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হচ্ছে, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।




