নিউজ ডেস্ক: প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, উৎপাদিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি এ সমস্যা সমাধানে উৎপাদন থেকে শুরু করে মোড়কজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ—প্রতিটি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
মন্ত্রী জানান, স্থানীয় পর্যায়ে ছোট আকারের প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে সরকারি সহায়তা প্রদান করা হবে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এছাড়া, মন্ত্রী জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন জেলায় খাস জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের অভয়াশ্রম তৈরি করা হবে। শুষ্ক মৌসুমে এসব অভয়াশ্রম মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে এবং বর্ষা মৌসুমে মাছের প্রজনন ও বিস্তারে সহায়তা করবে।
এ উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।



