জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলে ‘কোনো জরাজীর্ণ কুঁড়েঘর থাকবে না, কেউ গৃহহীন থাকবে না’—নিজের দেওয়া এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিশুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সরকারের গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় প্রতিমন্ত্রীর বিশেষ তদারকিতে অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে ‘স্বপ্নবাড়ি’র চাবি হস্তান্তরের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জানা যায়,স্বপ্নবাড়ি’ গৃহহীন ও অসহায় মানুষের কথা চিন্তা করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-কে রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে ‘স্বপ্নবাড়ি’ নামে একটি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছেন।
ইতোমধ্যে তাঁর নির্বাচনী এলাকা নান্দাইলের মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে পাঁচটি পরিবারের ঘর উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে ৩৬টি আধাপাকা ঘর নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া আরও ৯৮টি ঘর নির্মাণাধীন রয়েছে। নির্মাণকাজ শেষ হলে দ্রুতই এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
তথ্য প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নান্দাইলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
উপকারভোগী সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, “সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হতো। মন্ত্রী মহোদয় নিজ হাতে আমাকে আমার স্বপ্নের ঠিকানার চাবি দিয়েছেন। এখন আর সেই কষ্ট নেই।”
সৈয়দগাঁও গ্রামের বিধবা হামিদা খাতুন তথ্য প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, “মন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। দোয়া করি, তিনি যেন আজীবন সুস্থ থেকে এভাবে মানুষের সেবা করতে পারেন।”
উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলের মানুষের কাছে আমার অঙ্গীকার ছিল, এলাকায় কোনো জরাজীর্ণ ঘর থাকবে না। মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা আমার একটি লালিত স্বপ্নও ছিল। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গৃহহীন ও অসহায় পরিবারকে ‘স্বপ্নবাড়ি’ প্রকল্পের আওতায় আনা হবে।”
এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।




