আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ থাইল্যান্ডের পাতায়ায় নোঙর করতে যাচ্ছে। এই আগমন স্থানীয় ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করলেও যৌন পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে থাই পুলিশ।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ২ সেপ্টেম্বর রণতরীটি লেম চাবাং বন্দরে পৌঁছাবে। নাবিকদের মনোবল ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও, পাতায়ার অর্থনীতিতে এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
পাতায়ার মেয়র পোরামাসে এনগাম্পিচেস জানিয়েছেন, মার্কিন সেনা সদস্যরা প্রতিদিন ১ থেকে ৩ হাজার থাই বাত খরচ করতে পারেন, যা স্থানীয় ব্যবসায় গতি ফিরিয়ে আনবে। তবে, যৌন শোষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
পাতায়ার নাইটলাইফ এলাকা ও সৈকতগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে, এবং সম্প্রতি সন্দেহভাজন পতিতাবৃত্তির অভিযোগে ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। পুলিশপ্রধান আনেক স্রাথোংইউ মন্তব্য করেছেন যে, এই অপরাধ নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জ।
এমন পরিস্থিতিতে, স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌন ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যাতে পাতায়ার সুনাম রক্ষা করা যায়।




