ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সমন্বিতভাবে কাজের নির্দেশ

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সমন্বিতভাবে কাজের নির্দেশ

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে পরিচ্ছন্নতা নিয়ে নগরবাসীর সচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দিনের বেলায় রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে থাকলে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়ায়। এ কারণে রাতে বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা কার্যকর করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

ঢাকার সৌন্দর্যবর্ধন ও সবুজায়নে সড়কের দুই পাশে বারোমাসি ফুলের চারা রোপণের পরামর্শ দেন ড. আবদুল মঈন খান। তিনি বলেন, রাজধানীকে শুধু পরিচ্ছন্ন করলেই হবে না, নান্দনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবেও গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশন দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সৌন্দর্যবর্ধন ও ট্রাফিক ব্যবস্থাপনায় সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি খালের সীমানা চিহ্নিতকরণের কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খালগুলোর সীমানা চিহ্নিতকরণের কাজও চলছে। পাশাপাশি দুই সিটি করপোরেশনেই সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ অব্যাহত রয়েছে।

সভায় আরও জানানো হয়, ঢাকার মিয়াওয়াকি আরবান ফরেস্টে রাতে জোনাকির উপস্থিতি দেখা যাচ্ছে। এটিকে নগরের পরিবেশ উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম চলমান কার্যক্রমে আরও গতি আনার তাগিদ দেন। প্রধানমন্ত্রী বিষয়টি তদারকি করছেন উল্লেখ করে তিনি বাস্তবভিত্তিক সমাধান, কাজের আগে ও পরের তুলনামূলক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন। এসব তথ্য পরে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular