নাজমুল হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে একটি বর্ণাঢ্য র্যালি ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার এলাকায় সদর পশ্চিম উপজেলা বিএনপির উদ্যোগে এই র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা আবুল খায়ের ভূঁইয়া।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একটি ঐতিহাসিক প্রয়োজনে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার পর তিনি দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উপলব্ধি করতে পেরেছিলেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, চিকিৎসা ও বাসস্থানের অধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছিল।”
সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
RELATED ARTICLES




