নাজমুল হোসেন : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়; এটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করা সামাজিক ও নৈতিক দায়িত্ব।
‘৪১৬ বছরে ঢাকা’ শিরোনামে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকাকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান তিনি।
সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে এ্যানি চৌধুরী বলেন, তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর ধারাবাহিকতায় খালেদা জিয়াও দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, তিনি জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
অনুষ্ঠানে ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপনী পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার, সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখসহ অন্যরা।




