নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের অভিযোগে অভিযানের পর এবার বালু পরিবহনে ব্যবহৃত পাইপ ও সংশ্লিষ্ট সরঞ্জাম অপসারণ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঘটনাস্থলে ভেকু মেশিন দিয়ে এসব সরঞ্জাম সরিয়ে নিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় সরকারি জমি ব্যবহার করে বালু মজুদ ও পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
ওই অভিযানের সময় নদী ও আশপাশের এলাকায় এমনভাবে পাইপ স্থাপনের বিষয়টি সামনে আসে, যাতে বাঁধ ও স্লুইসগেট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। তখন সরকারি সম্পত্তি ও পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে প্রশাসন।
তবে অভিযানের পরও ঘটনাস্থলে বালু পরিবহনের পাইপ পড়ে থাকতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে ভেকু মেশিন ব্যবহার করে পাইপ ও সংশ্লিষ্ট সরঞ্জামগুলো অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় বালু মজুদ ও পরিবহনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বালু ছড়িয়ে পড়ায় বর্ষাকালে ঘাট ও সড়কে কাদা সৃষ্টি হয়। এতে স্থানীয়দের চলাচলেও দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের দাবি, সরকারি জমিতে বালু মজুদ, অবৈধভাবে বালু পরিবহন এবং নদীর তীর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি সম্পত্তি, বাঁধ ও স্লুইসগেট রক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সম্পত্তি ও পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




